প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ১২:৫৩ পি.এম
আইফোনের জন্য ১৭ বছর বয়সী কিশোরকে পিটিয়ে হ ত্যা

যশোরে একটি আইফোনকে কেন্দ্র করে ১৭ বছর বয়সী এক কিশোরকে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে মারধরের শিকার হওয়া ওই কিশোর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত কিশোরের নাম স্বাধীন, সে যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে স্বাধীনের মা তাকে একটি আইফোন কিনে দেন। স্বাধীনের পরিবারের দাবি, এই দামি ফোনটির কারণেই তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়। গত শনিবার রাতে স্বাধীন স্থানীয় একটি মন্দিরে পূজা দেখতে গেলে চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক নারীসহ বেশ কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবার অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে হত্যা করেছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।
এ বিষয়ে স্থানীয় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।
Copyright © 2026 এবিসি টিভি ২৪. All rights reserved.