
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক ঘটনায় ‘কেরির বড়ি’ সেবনের পর দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের বিল্লাল হোসেন (৫১) এবং কুটি ইউনিয়নের রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিল্লাল হোসেন পরিবারের সদস্যদের অগোচরে কেরির বড়ি সেবন করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, বিল্লাল হোসেন এর আগে স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। স্ট্রোকের পর থেকে তিনি শারীরিক ভারসাম্যহীনতা ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পারিবারিক কলহের জেরে আব্দুর রাজ্জাক নিজ বসতঘরে পরিবারের সদস্যদের অগোচরে কেরির বড়ি সেবন করেন। পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ উভয় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিল্লাল হোসেন নিবড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং আব্দুর রাজ্জাক রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।