
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় এবার যুক্ত হয়েছে মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসব—ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
রোববার (২৭ সেপ্টেম্বর) গভর্নর গ্যাভিন নিউজম ‘এবি ২০১৭’ বিলে স্বাক্ষর করার পর নতুন এই আইন কার্যকর হওয়ার পথ তৈরি হয়েছে।
‘স্টেট হলিডেজ: ঈদ’ শিরোনামের বিলটি চলতি বছরের ফেব্রুয়ারিতে সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি উত্থাপন করেন। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে ৩০ আগস্ট ক্যালিফোর্নিয়ার আইনসভার দুই কক্ষেই বিলটি অনুমোদিত হয়।
নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চাঁদের হিসাবের কারণে ইংরেজি ক্যালেন্ডারে প্রতি বছর ঈদের তারিখ পরিবর্তিত হলেও এই স্বীকৃতি বহাল থাকবে।
তবে ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে রাজ্যের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা আদালত বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনটিতে ঈদকে বিচারিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন আইনে শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। ঈদের নামাজ বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে সেটিকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে বিবেচনা করা যাবে।
এ ছাড়া স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি কলেজ ঈদের দিন বন্ধ রাখতে পারবে। তবে প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক নয়।
সরকারি কর্মীদের ক্ষেত্রেও ঈদ পালনের জন্য নির্দিষ্ট নিয়মে ছুটি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। কর্মীরা প্রচলিত ছুটির বিধান অনুসরণ করে ঈদের দিন ছুটি নিতে পারবেন।
আইনটি কার্যকর হওয়ার ফলে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখন আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির তালিকায় স্বীকৃতি পেল।