
গাজীপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে। তিনি মনির হোসেনের স্ত্রী। বর্তমানে মেয়েকে নিয়ে গাজীপুর সদর থানার সালনা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মা-মেয়েকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পূবাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মেয়ে ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।
দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়িটির চালক ও মালিককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।