
ভারতের অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে এক ব্যবসায়ীকে মারধর এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ওই ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ পাঠানোর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনিয়োগের জন্য থারুন নামের এক ব্যবসায়ীর কাছে অর্থ চাওয়া হয়েছিল। তিনি এতে রাজি না হওয়ায় তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ভোরে থারুন নিজের থাকার জায়গায় ফিরলে সেখানে বর্ষিণীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাকে মারধর করে ৫০ হাজার রুপি নগদ নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাকে চাপ প্রয়োগ করে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয় নামের এক ব্যক্তির হিসাবে আরও ২ লাখ রুপি পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি নেওয়ার পরও তার কাছে আরও ২৭ লাখ রুপি দাবি করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থারুন পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তের সময় ব্যাংক লেনদেন যাচাই করে বর্ষিণীর অ্যাকাউন্টে ৩ লাখ রুপি পাঠানোর তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
এরপর গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাইলাপুর এলাকা থেকে বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।