
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবির আহমেদ প্রায় চার বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও তিনি নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক দীর্ঘ সময় বিদ্যালয়ে না থাকায় তাঁর আপন ভাই পারভেজ আহমেদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে একই পরিবারের দুই ভাইয়ের ভূমিকা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একজন সরকারি বেতনভুক্ত প্রধান শিক্ষক দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করে কীভাবে নিয়মিত দায়িত্ব ও বেতন-ভাতা চালিয়ে যাচ্ছেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষকের বিদেশে অবস্থানের কারণ, ছুটির অনুমোদন এবং নিয়মিত বেতন-ভাতা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।