
ঢাকার পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভাকে ঘিরে আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে তাদের আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই শেষে ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা কোনো ধর্তব্য অপরাধে জড়িত থাকতে পারেন—এমন প্রাথমিক সন্দেহ রয়েছে। ঘটনার তদন্ত এবং তাদের পরিচয় ও ঠিকানা যাচাইয়ের স্বার্থে তাদের কারাগারে রাখার আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তাৎক্ষণিকভাবে জামিনের বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে পরবর্তী শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন।
এর আগে শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করে। যাচাই-বাছাইয়ের পর অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিনিধি সভা চলাকালে বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ে হামলা চালায়। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সময়কার কর্মকাণ্ড যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।