
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে বাংলাদেশের রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় দেশের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে অর্থায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেতে পারে। এ ক্ষেত্রে জলবায়ু অর্থায়নের একটি কাঠামো গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ।
পরিবেশ সংরক্ষণে দেশের বিভিন্ন কর্মসূচিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে প্রত্যাশা রয়েছে সফরসঙ্গীদের।
প্রধানমন্ত্রীর এই সফর ২৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। ওই দিন তার দেশে ফেরার কথা।