
রাষ্ট্রপতির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সৌন্দর্যবর্ধন ও স্বাগত জানানোর অংশ হিসাবে শহরের প্রধান প্রধান সড়ক, মোড় ও সরকারি দফতরগুলোয় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
এ বিষয়ে নাগরিক কমিটির আহবায়ক ড. আবু মো. খয়রুল কবির গণমাধ্যমকে জানান, ওইদিন রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছাবেন। জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি শহরের সেনুয়া গোরস্থানে বাবার কবর জিয়ারত করবেন। এরপর নিজ বাসভবনে কিছুটা সময় কাটিয়ে সরাসরি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।