মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার পুলিশ জানায়, ওই নারীর মরদেহের পরিচয় পাওয়া যায়নি। অর্ধগলিত মরদেহের মাথাও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই নারীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ওই নারীকে জবাই করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ নদীতে ফেলে দেয় এবং মরদেহ ভাসতে ভাসতে সেখানে যায় বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ওই নারীর পরিচয় ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।