
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় আটকা পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান। তার সঙ্গে থাকা দলের সদস্যরাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তিব্বত-চীন সীমান্তসংলগ্ন নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বহু পর্যটক। এ ঘটনায় তাসরিফ খান ও তার দলের নিরাপত্তা নিয়ে দেশে-বিদেশে থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের ও দলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তাসরিফ। তিনি লেখেন, “আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে।”
শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন। সবার আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী।
নিজেদের নিরাপত্তার খবর জানানোর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিপদে পড়া মানুষের জন্যও দোয়া চেয়েছেন তাসরিফ। তিনি বলেন, “এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন।”
বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাসরিফ খান ও তার দল। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা। পাশাপাশি ভক্তদেরও তাদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন এই সংগীতশিল্পী।