
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। তবে ভাগ্যক্রমে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা। দুর্যোগের কারণে নেপালের শুটিং শিডিউল স্থগিত রেখে নিরাপদে দেশে ফিরেছেন পুরো টিম।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে তিনি জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটে।
অপু বিশ্বাস বলেন, কাকতালীয়ভাবে তাদের ২৭ আগস্ট ওই একই পথ দিয়ে কাঠমান্ডুর দিকে ফেরার পরিকল্পনা ছিল। একদিন আগে যাত্রা না করায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পেয়েছেন বলে মনে করেন তিনি।
অপু বলেন, “আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।”
তিনি আরও জানান, দুর্যোগের কারণে ওই সড়ক আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য চলাচলের উপযোগী থাকবে না বলে জানানো হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শুটিং চালিয়ে যাওয়াকে মানবিক মনে হয়নি বলে জানান এই অভিনেত্রী। তার ভাষায়, “এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।”
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। সিনেমাটিতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশ পাওয়ার পর থেকেই সিনেমাটির শুটিং টিমকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এর মধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জি ভক্তদের আশ্বস্ত করেন যে তারা নিরাপদে আছেন। এরপর শুক্রবার ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ পরিস্থিতি এবং শুটিং স্থগিতের বিষয়টি জানান অপু বিশ্বাস।
দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির নেপাল অংশের শুটিংয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।