বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়েই সফর ও বৈঠক আয়োজন করা হবে।
মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী জানান, সফরের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণের প্রয়োজন নেই। দুই দেশের সরকারপ্রধান যখন পারস্পরিকভাবে উপযুক্ত সময় মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সময় দেওয়া হচ্ছে এবং ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। পরে তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক সম্পর্কে দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেও তিনি জানান। বৈঠকটি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার আবারও বলেন, সফরের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করা হচ্ছে। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময় অনুযায়ী সফর ও বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।