
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার সফরকে ঘিরে সেখানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানা গেছে।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যানার, পোস্টার ও ফেস্টুন দেখা যাচ্ছে। তাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি ও সংগঠনটির বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচিতে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পাচ্ছে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ আয়োজিত একটি বিশেষ বৈঠকে অংশ নিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, বৈশ্বিক অসমতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ সফরে কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে। জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক ও ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি খাত এবং তরুণদের কর্মসংস্থানের বিষয় গুরুত্ব পেতে পারে।
সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।