সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগের তুলনায় শরীর অনেক খারাপ যাচ্ছে এবং পা ফুলে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলাতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।
সম্প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া না-পাওয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের শারীরিক অবস্থার কথা জানান সাহাবুদ্দিন। তিনি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ ও বিব্রতবোধ করেছেন বলেও জানা গেছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হওয়ার কথাও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। এ রোগের কারণে মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলেও জানান।
পদত্যাগপত্রে সাহাবুদ্দিন বলেন, এসব রোগের কারণে শারীরিক ও মানসিক অসামর্থ্য তৈরি হওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০২৬ সালের ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।