
সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের দিঘিরপাড় এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
নিহত হাসান আহমদ উপজেলার খাসা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে সে নয়াবাজার এলাকার একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।