
সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে কেমন সেবা পাচ্ছেন, কোনো ধরনের হয়রানি বা অনিয়মের মুখোমুখি হচ্ছেন কি না—তা সরাসরি জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে বোরকা পরে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে গিয়ে নিজেও একজন সাধারণ নাগরিকের মতো সেবা নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ভূমি অফিসে আসা অন্যান্য সেবাপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ছেন কি না, সেবা পেতে দেরি হচ্ছে কি না কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না—এসব বিষয়ে তাদের কাছ থেকে জানতে চান তিনি।
পরিদর্শনের একপর্যায়ে অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা খানম। সাধারণ মানুষ যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
প্রশাসনের কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে প্রকৃত সেবার পরিস্থিতি বুঝতে সরেজমিনে এ ধরনের পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে।