
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআনের অবমাননার অভিযোগে ৩২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
ঘটনাটি সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে ঘটে বলে জানা গেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই যুবক মসজিদে প্রবেশের পর কোরআন শরিফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক করেন।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়।
স্থানীয় কয়েকজনের দাবি, আটক যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আব্দুল বারিক জানান, স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।