
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।
নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে সুলতানপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় পৌঁছালে পেছন বা পাশ থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান দুই ভাই। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।