রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। বাকি ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর অন্য তিন শিক্ষার্থীকে সতর্ক করার কথাও উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তার সম্মেলনকক্ষে এ কথা জানান।অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় ছাত্রত্ব বাতিলের সুপারিশের শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম।
এছাড়াও প্রতিবেদনে অভিযোগ প্রমাণে অধিকতর তদন্তের পর রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, ছাত্রদল কর্মী সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করা হয়েছে।
গত ৪ অক্টোবর, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এর পরদিন ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন উপাচার্য ঘোষণা দেন, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার সকালে প্রতিবেদন প্রকাশ করা হয়।