*কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনরত ১৪ এপিবিএনের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের একটি বাথরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।**
নিহত পুলিশ কর্মকর্তা **এএসআই রুবেল হোসেন (৩১)** ১৪ এপিবিএনে কর্মরত ছিলেন।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর তার সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ বাথরুমের কাছে গিয়ে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। তিনি ডাকাডাকি ও দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে বাথরুমের ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন।
বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
তাদের উপস্থিতিতে বাথরুমের দরজা কেটে ভেতর থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় বাথরুমের ভেতর থেকে রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট পাওয়া যায়।
চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, বাথরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।