
শনিবার (২৯ আগস্ট) মনিপুর ও তামিলনাড়ু পুলিশের যৌথ অভিযানে মনিপুরের জিরিবাম জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসামের কাছাড় জেলার ২২ বছর বয়সী মানিক উদ্দিন লস্কর এবং ওড়িশার কেওনঝড় জেলার ২১ বছর বয়সী তার স্ত্রী ভাগবতী মাঝি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আগ্রা ক্যান্ট স্টেশনে তামিলনাড়ু এক্সপ্রেস পৌঁছানোর পর সাধারণ কামরায় পড়ে থাকা একটি লাল সুটকেস থেকে দুর্গন্ধ পান যাত্রীরা। বিষয়টি জানানো হলে সরকারি রেলওয়ে পুলিশের সদস্যরা সুটকেসটি খুলে মাথাবিহীন ও খণ্ডিত এক নারীর মরদেহ দেখতে পান।
ঘটনার পর তদন্তে নামে পুলিশ। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কয়েক ঘণ্টার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা দেখতে পান, মানিক উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি ভারী লাল সুটকেসটি বহন করছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ভাগবতী মাঝি।
এরপর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি অনুসরণ করে চেন্নাইয়ের উপশহর গুডুভানচেরিতে একটি ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ।
সেখানে অভিযান চালিয়ে একটি বড় রান্নার পাত্রের ভেতর থেকে খণ্ডিত মরদেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘ ২৪ দিন তদন্তের পর অবশেষে মনিপুরের জিরিবাম জেলা থেকে সন্দেহভাজন ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
মনিপুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকে গুডুভানচেরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং হত্যার কারণ জানতে তদন্ত চলছে।