
শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতির সময় পুলিশ অভিযান চালিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালেরচর গরম বাজার এলাকার জোড়াব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সন্ধ্যার দিকে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। সেখানে কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা ব্যক্তিরা সরে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি আস্ত কেক এবং পাঁচটি মোটরসাইকেল পাওয়া যায়। পুলিশ সেগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
তবে জব্দ করা মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জাজিরা এলাকায় এর আগেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগ উঠেছিল। গত ২৩ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এমন একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আয়োজকরা পালিয়ে যান। সেখানে পাওয়া কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।