গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক সংকটে জনদুর্ভোগ বাড়ায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনাল থেকে এলএনজি খালাস করা যাচ্ছে না। একই সঙ্গে এক্সিলারেট টার্মিনালও পুরো সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।