চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক এবং সিটিআরএনের প্রধান পরামর্শক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।
এর প্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে সিটিআরএন নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি দেখানো শুধু একজন ব্যক্তিকে হুমকি দেওয়া নয়। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। যে সাংবাদিক সত্য তুলে ধরার দায়িত্ব পালন করেন, তাকে হুমকির মুখে ফেলার অর্থ পুরো গণমাধ্যমকে নীরব করার চেষ্টা।
সিটিআরএন মনে করে, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার দিন শেষ। সাংবাদিকরা জনগণের কাছে দায়বদ্ধ। সত্য প্রকাশের এই দায়িত্ব থেকে কোনো ভয়ভীতি তাদের সরাতে পারবে না। হুমকির ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবীর পাশাপাশি সিনিয়র সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।বিবৃতিদাতারা হলেন সংগঠনের আহ্বায়ক হোসাইন জিয়াদ যুগ্ম আহ্বায়ক একে আজাদ, সদস্য যথাক্রমে আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, তামিম মাহমুদ, ফেরদৌস লিপি এবং
শহিদুল সুমন।