চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা নিয়ে জন্ম নিয়েছে একটি বিরল বাছুর। স্বাভাবিক চার পায়ের পাশাপাশি বাছুরটির পিঠ ও পেছনের অংশে রয়েছে আরও তিনটি অতিরিক্ত পা। বিরল এই বাছুরকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার দুদু মিয়ার পাহাড় এলাকায় খামারি মো. মাসুদের একটি গাভী বাছুরটির জন্ম দেয়। মাসুদ স্থানীয় বাসিন্দা আবু তাহেরের ছেলে।
বাছুরটির অস্বাভাবিক শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটিকে দেখতে ভিড় করছেন। সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি প্রতিনিধিদল। তবে বাছুরটি তাদের দেখাতে সম্মতি দেননি খামারি।
হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, মালিকপক্ষকে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বাছুরটির চিকিৎসাসেবা বা প্রয়োজনীয় পরামর্শের জন্য তারা সহযোগিতা করবেন।
তিনি বলেন, কী ধরনের জিনগত ত্রুটি বা শারীরিক কারণে বাছুরটির এমন অস্বাভাবিক গঠন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পরবর্তীতে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।