
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের ১৯ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে দুজন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। চার মাস বয়সী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৯৮৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।