ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন টহল দল এসব অভিযানে অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানগুলো চালানো হয়।
অভিযানে ভারতীয় শাড়ি, গরু, আতশবাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবানসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক, নারী ও শিশু পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।