সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁরা হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে মামলাটি বিচারিক আদালতে পাঠানো হলে আদালত অপরাধের গুরুত্ব ও পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয় বিবেচনা করে তাঁদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর রাজকীয় ফরমানের ভিত্তিতে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিশ্চিত করা এবং মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।সরকারি সেবা
এ ধরনের অপরাধের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।