
মাগুরায় মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকা বিল পাওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। তার দাবি, দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকা একটি মিটারের বকেয়া বিলও তার বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
অভিযোগকারী বাবু মোল্যা মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা। তিনি জানান, সাধারণত তার বাড়িতে মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসে। তবে সম্প্রতি ২০ ইউনিট ব্যবহারের হিসাব দেখিয়ে ২৯ হাজার ১৩৮ টাকার বিল দেওয়া হয়েছে।
বাবু মোল্যার ভাষ্য, প্রায় চার মাস ধরে তার দোকানের বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর আগে ওই মিটারটি অন্য এক গ্রাহকের নামে ছিল এবং সেই গ্রাহকের পুরোনো বকেয়া বিল পরবর্তীতে তার বাড়ির মিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ বিষয়ে তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) এস এম শাহিন আহসান জানান, সংশ্লিষ্ট গ্রাহকের নামে অন্য একটি মিটারের বকেয়া ছিল। বিষয়টি জানিয়ে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। বকেয়া পরিশোধ না করায় আগের বিল বর্তমান মিটারের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি টাকার বেশি বিল আসার ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। ওই ঘটনার পর আবারও কম বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক অঙ্কের বিলের অভিযোগ সামনে আসায় বিদ্যুৎ বিল তৈরি ও বকেয়া সমন্বয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।