জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শীতকালে যেমন অতিথি পাখিরা সুন্দর সুন্দর জায়গায় আসে, ঠিক তেমনি একটি দল লন্ডন ও আমেরিকা থেকে আসা ‘অতিথি পাখি’দের মনোনয়ন দিয়েছে। কিন্তু শীত শেষে গ্রীষ্ম এলে যেভাবে অতিথি পাখিরা উড়ে যায়, নির্বাচনে জয়ী না হলে বিদেশি পাসপোর্টধারীরাও ঠিক সেভাবেই দেশ ছেড়ে চলে যাবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, “এই অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন সম্ভব নয়।” তিনি বলেন, যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের কাছ থেকে টাকা নিলেও ভোট দিতে হবে সেই প্রার্থীকে, যে মানুষের জীবন বদলাতে পারবে এবং সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, ভোট দিতে হবে সেই প্রার্থীকে, যে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আপনাদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান, হাসিনার মতো আর কোনো দোসর কিংবা ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে ফিরে না আসে, তাহলে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে।”
তিনি অভিযোগ করেন, একটি দলের নেতারা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও মাঠে তাদের নেতাকর্মীরা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা যখন হ্যাঁ ভোট চাইতে আসবে, তখন তাদের নেতাদের ভাষায়ই বলবেন—‘গুপ্ত গুপ্ত’। তারা অন্যদের মোনাফেক বলে। আমরা কাউকে মোনাফেক বলতে চাই না। আশা করি, তারা মোনাফেকি করবে না।”
এনসিপির আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন— এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।