ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সংসদের প্রথম অধিবেশনে কন্ঠভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি 

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।  বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এর আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন প্রমুখ।

স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার সংসদের প্রথম অধিবেশনে কন্ঠভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সিলেটে দুই কিশোর আটক

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে,  মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র। পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াই ঘটিকায় মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে ৭৬ বোতল রয়েল স্টেগ ব্রান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা বলে পুলিশ জানায়।  বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, গ্রেফতারকৃত দুই কিশোরের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

বিস্তারিত

ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনা মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জারি করেছে।নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং সরকার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। শবে কদরের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) এবং নতুনভাবে ১৮ মার্চ একদিনের ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বিশেষ সুবিধা ম্যানেজ করলে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চেও ছুটি নিলে, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিশ্রাম পাওয়া সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ছুটির কারণে আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে, তাই গ্রাহকরা আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা করবেন।

দেশদ্রোহী বলায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন ৫ ইরানি ফুটবলার

নিরাপত্তা ঝুঁকির কথা বলে ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাদের মধ্যে দলের অধিনায়কও আছেন। গভীর রাতে হোটেল থেকে বেরিয়ে গিয়ে তারা অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে আশ্রয়ের আবেদন করেন। এর আগে এশিয়ান কাপ ফুটবলের একটি ম্যাচ শুরুর সময় ওই পাঁচ সদস্য ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশে ফিরলে নিরাপত্তা ঝুঁকি আছে বলে মনে করছেন আশ্রয়প্রার্থীরা।  পাঁচ ফুটবলারকে আশ্রয় দিতে ডোনাল্ড ট্রাম্পও অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তারা কয়েকদিন ধরে এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এই সাহসী নারীদের পদক্ষেপ অস্ট্রেলিয়ার মানুষকে নাড়া দিয়েছে। তারা এখানে নিরাপদ।  অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সাংবাদিকদের জানিয়েছেন, ‘কয়েকদিন ধরে গোপনে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছিল। হোটেল ছাড়ার পর তাদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, খেলোয়াড়রা একটি টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বিশেষ ভিসার কাগজে স্বাক্ষর করছেন। বার্ক বলেন, ‘ইরান দলের অন্য খেলোয়াড়রাও চাইলে অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন।’  ইরানের বাকি খেলোয়াড়রা দেশে ফিরবেন কি না বা কবে অস্ট্রেলিয়া ছাড়বেন তা এখনও স্পষ্ট নয়।

বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান সিপিডির

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘জাতীয় বাজেট ২০২৬–২৭ অর্থবছরের জন্য সুপারিশসমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটটি নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট হতে যাচ্ছে। এমন এক সময় এই বাজেট প্রণয়ন করা হচ্ছে, যখন দেশের অর্থনীতি বহুমুখী অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পমেয়াদি লক্ষ্যভিত্তিক পদক্ষেপের পাশাপাশি মধ্যমেয়াদি কাঠামোগত সংস্কারের ভিত্তি শক্ত করা জরুরি।তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের ধীরগতি, বাজেট বাস্তবায়নে দুর্বলতা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, নিম্ন বিনিয়োগ, কর্মসংস্থানের সীমিত সুযোগ, আর্থিক খাতের সমস্যা এবং রপ্তানি প্রবৃদ্ধির শ্লথগতির মতো বিভিন্ন সমস্যার মুখোমুখি। পাশাপাশি আগামী দিনে স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে সামনে রয়েছে।  আন্তর্জাতিক প্রেক্ষাপটও অর্থনীতির ওপর প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের অর্থনীতিকেও বিভিন্ন ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে। এই প্রেক্ষাপটে নীতি নির্ধারকদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যভিত্তিক ও কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে সিপিডি। ফাহমিদা খাতুন বলেন, বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নতুন সরকারের জন্য এই বাজেট একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে তারা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সূচনা করতে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনা ও সরকারি ব্যয়ের দক্ষতার ক্ষেত্রে কার্যকর নেতৃত্ব প্রদর্শন করতে পারে। তবে এসব লক্ষ্য অর্জনে সরকারকে একটি বিশ্বাসযোগ্য ও সুসংগঠিত রাজস্ব কাঠামো গড়ে তুলতে হবে। সিপিডি জানায়, প্রতি বছরের মতো এবারও বাজেট ঘোষণার আগে বিভিন্ন খাতে সুনির্দিষ্ট রাজস্ব নীতিমালা ও প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা সম্ভব হবে। ফাহমিদা খাতুন বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল, টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও তারকা কোচ গ্যারি কার্স্টেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে নিয়োগের বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিংবদন্তি লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৫ জুলাই থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।  সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সনাথ জয়সুরিয়া। গতকাল কার্স্টেনের নিয়োগের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হলো। দক্ষিণ আফ্রিকার সাবেক এ বাঁহাতি টপ অর্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারে বেশি রান করেছেন। তাঁর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।কার্স্টেনের অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে তিন ফরম্যাটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে প্রোটিয়ারা। গত টি২০ বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক ছিলেন তিনি। শ্রীলঙ্কার কোচ হিসেবে তাঁর প্রধান লক্ষ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে প্রস্তুত করা। ওই কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকার জন্যই তাঁকে নিয়োগে প্রাধান্য দিয়েছে লঙ্কান বোর্ড। তবে এসএলসির প্রত্যাশা, কার্স্টেনের নিয়োগ শ্রীলঙ্কার ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে। লঙ্কান দলে তিনি জয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারবেন বলেও আশা তাদের, যেটা তিনি অতীতে করে দেখিয়েছেন।