প্রথম পাতা খেলাধুলা ভারতের লক্ষ্য এবার অলিম্পিক স্বর্ণ
ভারতের লক্ষ্য এবার অলিম্পিক স্বর্ণ
ভারতের লক্ষ্য এবার অলিম্পিক স্বর্ণ - সংরক্ষিত ছবি।

অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিতে নেমেই ভারতকে শিরোপা জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তবে এখানেই থামতে রাজি নন তিনি। বিশ্বকাপ জয়ের রাতেই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দেন সূর্যকুমার। ২০২৮ অলিম্পিকে স্বর্ণ জেতা প্রধান লক্ষ্য তাঁর। ওই বছর পরবর্তী টি২০ বিশ্বকাপও জিততে চান তিনি। কোচ গৌতম গম্ভীর ধন্যবাদ দিয়েছেন সাবেক দুই কোচ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং সাবেক বিসিসিআই সচিব ও বর্তমান আইসিসি প্রেসিডেন্ট জয় শাহকে। ব্যক্তিগত মাইলফলক বাদ দিয়ে ট্রফি উদযাপনের পরামর্শও দিয়েছেন তিনি।

বিশ্বকাপ জিতে সংবাদ সম্মেলনের শুরুতেই চমক দেন সূর্যকুমার। এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তাঁকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান তিনি। এরপরই ভারতের টি২০ অধিনায়ক হিসেবে পরবর্তী লক্ষ্যের কথা বলেন, ‘গত একটি মাস দুর্দান্ত সময় কাটল। দল হিসেবে সম্মিলিতভাবে আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি। আর লক্ষ্যটা আপনাদের সামনে (ট্রফি)। এ জন্য আমি দারুণ খুশি। তবে সবে তো শুরু। এর পরের লক্ষ্য হলো ২০২৮ সালের অলিম্পিকে স্বর্ণ জেতা। সে বছরই টি২০ বিশ্বকাপ। সেটাও জিততে চাই।’২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমবার ক্রিকেট থেকে অলিম্পিক স্বর্ণ চান সূর্যকুমার। ২০২৮ সালের ১৪ থেকে ২৯ জুলাই পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল অলিম্পিক পদকের জন্য লড়াই করবে। আইসিসির টি২০ র‍্যাঙ্কিং ও মহাদেশীয় বিবেচনায় নির্বাচন করা হবে কোন ছয়টি দল খেলবে।

এই যেমন এশিয়া মহাদেশ থেকে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত কোয়ালিফাই করবে। লস অ্যাঞ্জেলেসের শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পোমোনা সিটির ফেয়ার গ্রাউন্ডস স্টেডিয়ামে ক্রিকেটের জন্য অস্থায়ী ভেন্যু তৈরি করা হবে। সেখানে হবে ক্রিকেটের সব ম্যাচ।

একমাত্র ভারতই টি২০ বিশ্বকাপের ইতিহাসে শিরোপা ধরে রাখতে পেরেছে। রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালে বার্বাডোজে শিরোপা জেতার পরই নাকি সবকিছু বদলে গিয়েছিল বলে মনে করছেন সূর্যকুমার, ‘২০২৪ শিরোপা জেতার পরই সবকিছু বদলে যায়। গত টি২০ বিশ্বকাপ থেকে আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে শুরু করি। আমরা বুঝে যাই যে এই দলের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার জন্য কী কৌশল প্রয়োজন। এর পর থেকে অসাধারণ একটি সময় পার করছি আমরা। ২০২৫ সালে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ওই টুর্নামেন্টে আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। এরপর ২০২৬ বিশ্বকাপে দেশের মানুষের সামনে আমরা বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা চাই এই ধারাটা যেন না থামে।’

সর্বশেষ তিনটি ম্যাচে ভারতীয় দল আড়াইশর বেশি রান করেছে। এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনে কোচ গম্ভীরের দর্শন কাজ করেছে। শিরোপা জয়ের পর সেই দর্শন বর্ণনা করেছেন গম্ভীর, ‘আমি মনে করি, আগে দল; পরে নিজের সাফল্য। আপনি যদি ৯৬ থেকে সেঞ্চুরি করতে চার বল খেলেন, তাহলে দলের ২০ রানের ক্ষতি করলেন। ওই চার বলে চারটি ছক্কা হতে পারত। তাই কেউ যদি ৯৬ রান থেকে ছক্কা মারতে গিয়ে আউট হয়, তাতে আমার দুঃখ নেই। ওই ৯৬ আমার কাছে সেঞ্চুরির সমান। এই দর্শন আমি সবাইকে দিয়েছি। আমি ভাগ্যবান যে দলের সবাই সেটা মেনেছে।’ এই দর্শনের কারণেই হয়তো গত তিন ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন সঞ্জু স্যামসন।

0
Would love your thoughts, please comment.x
()
x