সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে তৈরি হওয়া বিতর্কের সেই কঠিন সময় এখনো ভুলতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই অধ্যায়ের কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। একপর্যায়ে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
২০০ কোটি রুপির তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার নাম জড়িয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। নোরার ভাষ্য, ওই ঘটনা তাঁর মানসিক স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল। একই সঙ্গে বাধাগ্রস্ত হয়েছিল তাঁর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার।
অভিনেত্রী জানান, বিতর্ক ছড়িয়ে পড়ার পর একাধিক বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়। একের পর এক কাজ হারানোর কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল।
নোরা বলেন, জীবনের ওই সময়টি ছিল তাঁর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। চারপাশের পরিস্থিতিতে তিনি নিজেকে একা ও ভেঙে পড়া অবস্থায় অনুভব করতেন।
সাক্ষাৎকারে নোরা আরও জানান, পরিবার ও কাছের মানুষরা তাঁকে ভালোভাবে চিনলেও সাধারণ মানুষের একটি অংশ তাঁর সম্পর্কে ছড়িয়ে পড়া গুঞ্জনকেই সত্য হিসেবে ধরে নিয়েছিল। বিশেষ করে সুকেশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল—এমন খবর ও ধারণা তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বলে জানান তিনি।
নোরার দাবি, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কের যে গুঞ্জন ছড়িয়েছিল, তার কোনো ভিত্তি নেই। সুকেশের পরিবারের একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং সুকেশের কাছ থেকে গাড়িসহ বিভিন্ন উপহার নেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষ্য, ওই সময় সুকেশকে ঘিরে চলা বৃহত্তর কর্মকাণ্ড সম্পর্কে তিনি পুরোপুরি অবগত ছিলেন না।
মামলার তদন্তের সময় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন নোরা। তাঁর দাবি, প্রায় দুই বছর ধরে চলা সেই সময় তাঁর কাছে ছিল অত্যন্ত ভয়ংকর।
নোরা বলেন, তখন তিনি নিজেকে ভীষণ একা, বিভ্রান্ত ও অসহায় মনে করতেন। পরিস্থিতি কীভাবে সামাল দেবেন কিংবা কীভাবে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসবেন, তা বুঝতে পারছিলেন না।
অতীতের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়েই আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী। চোখের পানি ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর কথায় স্পষ্ট হয়ে ওঠে, বিতর্কের সেই সময় শুধু সংবাদমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না; ব্যক্তিগত জীবনেও এর গভীর প্রভাব পড়েছিল।
তবে সেই কঠিন অধ্যায় পেছনে ফেলে বর্তমানে আবারও কাজ নিয়ে ব্যস্ত নোরা ফাতেহি। অভিনয় ও নাচ—দুই ক্ষেত্রেই নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন তিনি। আগামীতে তাঁকে দেখা যাবে ‘কাঞ্চনা ৪’ সিনেমায়।
বিনোদন ডেস্ক 


















