B1/B2 ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কী করা যাবে এবং কী করা যাবে না—এ বিষয়ে ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিজিটর ভিসায় অনুমোদিত নয়—এমন কয়েকটি কার্যক্রমের কথা জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, অর্থাৎ ‘বার্থ ট্যুরিজম’, B1/B2 ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কোনো ব্যক্তির যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রধান উদ্দেশ্য যদি সন্তানের নাগরিকত্ব পাওয়ার জন্য সন্তান জন্ম দেওয়া হয়, তাহলে তাঁর B ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
এ ছাড়া B1/B2 ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে কাজ করা যাবে না। ভিজিটর ভিসায় থাকা ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্রে চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়া অনুমোদিত নয়।
ভিজিটর ভিসায় গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনাও করা যাবে না। এ ধরনের শিক্ষাগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ভিসা নিতে হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, B1 ভিসা মূলত অস্থায়ী ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়। এর আওতায় ব্যবসায়িক বৈঠক, পরামর্শ, সম্মেলন বা চুক্তি নিয়ে আলোচনার মতো কার্যক্রম করা যায়। তবে এ ভিসা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের অনুমতি দেয় না।
অর্থাৎ B1/B2 ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি, শ্রম বা আয়মূলক কাজে যুক্ত হওয়া যাবে না।
এ কারণে ভিসাপ্রত্যাশীদের ভ্রমণের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসার ধরন বেছে নেওয়া এবং ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থানের পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক 



















