
পাবনার সাঁথিয়ায় পারিবারিক বিরোধের জেরে মাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানানো সেই ছেলে সাগর হোসেন এবার মাকে সারা জীবন নিজের কাছে রাখার অঙ্গীকার করেছেন। প্রশাসনের উদ্যোগে বিরোধের অবসান হওয়ার পর ১২ অক্টোবর মাকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হন তিনি।
জানা গেছে, সাগর হোসেনের বিয়ের পর তাঁর স্ত্রী ও মা মুন্নি খাতুনের মধ্যে পারিবারিক অশান্তি তৈরি হয়। স্বামীকে হারানোর পর মুন্নি খাতুন ছেলের সঙ্গে থাকতে চাইলেও পারিবারিক বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ ঘটনায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।
গত ৮ অক্টোবর সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে শুনানি হয়। পরে ১১ অক্টোবর পাবনা আদালতে মা ও ছেলের বক্তব্য শোনা হয় এবং বিরোধ সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় ১২ অক্টোবর সাগর হোসেন মাকে সঙ্গে নিয়ে ইউএনওর কার্যালয়ে যান। সেখানে তিনি মাকে সারা জীবন নিজের কাছে রাখা, তাঁর ভরণপোষণ করা এবং যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।
মুন্নি খাতুন জানান, তাঁর ছেলে তাঁর কাছে ক্ষমা চেয়েছে। বর্তমানে তিনি ছেলের বাড়িতে রয়েছেন এবং ছেলে ও পুত্রবধূ তাঁর যত্ন নিচ্ছেন।
প্রশাসনের উদ্যোগ ও আলোচনার মাধ্যমে মা-ছেলের সম্পর্কের এই বিরোধের অবসান হওয়ায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
পাবনা প্রতিনিধি 



















