
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে এই উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রাপ্ত স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃত ২০০ জনের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১০ জনের শরীরে নিশ্চিত হামের উপস্থিতিপাওয়া গিয়েছিল। বাকি ১৯০ জন হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত হামের রোগী শনাক্ত না হলেও, হামের সন্দেহভাজন লক্ষণ ও উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১,১১৫ জনের শরীরে ল্যাব-পরীক্ষায় হাম ও রুবেলা নিশ্চিত হওয়া গেছে। জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা:
- সিলেট জেলা: ৪৪২ জন
- সুনামগঞ্জ জেলা: ৩৫৭ জন
- হবিগঞ্জ জেলা: ১৫৮ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত)
- মৌলভীবাজার জেলা: ১৫৮ জন
চিকিৎসকেরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। শিশুদের তীব্র জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দিলে কোনো অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে সংক্রমণ রোধে আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
সিলেট প্রতিনিধি 


















