
দেশের প্রতিটি উপজেলার সব হাট ও বাজারে আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ভবনের ছাদেও ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে। এসব ব্যবস্থায় কমপক্ষে দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে।
সৌরবিদ্যুৎ উৎপাদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। এভাবে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হাট ও বাজারের ইজারালব্ধ অর্থের নির্ধারিত অংশ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও এর সম্প্রসারণ করা যাবে। সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য নির্ধারিত অর্থের ১০ শতাংশ এবং উপজেলা পর্যায়ের হাট-বাজারের জন্য নির্ধারিত আরও ১০ শতাংশ অর্থ এ কাজে ব্যবহারের উদ্যোগ নিতে বলা হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে দীর্ঘমেয়াদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেডের ছাদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত বিভিন্ন বাজারের বহুতল ভবনের ছাদ বিবেচনায় নিয়ে সৌর প্যানেল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট 



















