
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে শাস্তি কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আপাতত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এ বিষয়ে রায় দেন। বেঞ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির সাংবিধানিক বৈধতা বহাল রেখে বিকল্প পদ্ধতির আবেদন প্রত্যাখ্যান করেন।
আবেদনকারী আইনজীবী ঋষি মালহোত্রা ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশন, গুলি, বিদ্যুৎস্পৃষ্ট করা বা গ্যাস চেম্বারের মতো পদ্ধতি ব্যবহারের আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল, এসব পদ্ধতিতে তুলনামূলক কম যন্ত্রণায় দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব।
আবেদনে বলা হয়, ফাঁসি একটি অমানবিক ও যন্ত্রণাদায়ক পদ্ধতি। তাই ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করার আবেদন জানানো হয়। একই সাথে সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবিও করা হয়।
desk news 



















