
মামলার জট নিরসনে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি এবং বিচারাঙ্গনের বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধান বিচারপতি বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে অতিরিক্ত মামলার জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটের বিষয়ও উল্লেখ করেন তিনি। এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি।
জবাবে রাষ্ট্রপতি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে মামলার জট কমাতে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
desk news 


















