সারাদেশে হামের সংক্রমণ ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সিলেটের।
স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার (২১ আগস্ট) বিকেলের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৪০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর ৮৭৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন তিন মৃত্যু নিয়ে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯ জনে। গত এক দিনে মারা যাওয়া অন্য দুই শিশুর একজন ঢাকার এবং অন্যজন খুলনার।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জন। এ সময়ে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
তবে সিলেটে হামের উপসর্গ নিয়ে মোট কতজন আক্রান্ত বা মারা গেছেন, সে বিষয়ে এই প্রতিবেদনে আলাদা কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
desk news 



















