সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।
বিউবোর বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি কাজ পরিচালনার জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, মদিনা মার্কেট, পনিটুলা, কালিবাড়ী রোড, কুমারগাঁও, টুকেরবাজার, লামাকাজী, আখালিয়া, কাজলশাহ, নরসিংটিলাসহ সিলেটের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকা। এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার আশপাশের কিছু এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় পড়তে পারে।
এ ছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিবি এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে বিউবো।
তবে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত পুনরায় চালু করা হতে পারে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
সিলেট প্রতিনিধি 


















