
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। অন্য ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১২ জনকে সিটিটিসির হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় ২৩ জনকে আটক করে পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার সন্দেহে এ অভিযান চালানো হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে তেজগাঁও কলেজের মসজিদে একত্রিত হতে পারেন। ওই তথ্যের ভিত্তিতেই মসজিদটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২৩ জনকে আটক করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয়, কর্মকাণ্ড এবং সম্ভাব্য সাংগঠনিক সম্পৃক্ততা যাচাই করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মূলত তাদের আটক করা হয়েছে। আটকদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 



















