দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট বিভাগে ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ঢাকা বিভাগে ৪৬৮ জন, চট্টগ্রামে ২৪৯ জন, বরিশালে ১৩৫ জন, ময়মনসিংহে ৮৬ জন, খুলনায় ৭৯ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।
চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৯৭ জনে দাঁড়িয়েছে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট প্রতিনিধি 



















