
নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর হারানো ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের একটি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে অপেক্ষা করার সময় ব্যাগ হারিয়ে বিপাকে পড়েন ১৮ বছর বয়সী এই পর্যটক। ব্যাগে তাঁর ল্যাপটপ, ক্যামেরা ও ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
জানা যায়, এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার আগে তিনি নিজের ব্যাগটি এক ব্যক্তির কাছে রেখে যান। ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর খুঁজে পাননি। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।
ঘটনার পর থেকে হারানো মালামাল উদ্ধারে কাজ করছিল পুলিশ। ল্যাপটপ উদ্ধারের খবরে স্বস্তি ফিরলেও ক্যামেরাটি ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই পর্যটক।
নাটোর প্রতিনিধি 



















