
চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাসা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
একই রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে প্রথমে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
এরপর রাত ১০টার দিকে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দীপু মনির বাসায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলে জানান চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
অন্যদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করেছে। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দীপু মনির বাসার অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।
চাঁদপুর প্রতিনিধি 


















