পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও রদবদল এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে চলতি বছরের ২১ জুলাই সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছিল। তারও আগে ২০২৫ সালের আগস্ট মাসে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট থেকে তিনি এসএমপি কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের মাত্র চার মাসের মাথায় তাকে এবার রাজধানীতে বদলি করা হলো।
পাশাপাশি একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে। এছাড়া সিআইডি ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখায় (এসবি) এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও পরিবর্তন আনা হয়েছে।
নিজেস্ব প্রতিনিধি 




















