
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক যুগান্তরেও কাজ করেছেন। পাশাপাশি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।
অফিস থেকে মরদেহ উদ্ধার
সমকালের বরিশাল কার্যালয়ের প্রধান স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, অফিসের একটি চাবি পুলক চ্যাটার্জির কাছে থাকত। তিনি মাঝে মাঝে অফিসে এসে সময় কাটাতেন।
শুক্রবার বিকেলে পুলকের স্ত্রী ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানান। এরপর সন্ধ্যায় অফিসে এসে দেখা যায়, ভেতর থেকে দরজা বন্ধ।
দরজার ফাঁক দিয়ে ভেতরে পুলককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সুমন চৌধুরী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
বরিশাল প্রতিনিধি 


















