টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কাজী দেশ (২৮) নামে এক সুইডেনপ্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী দেশ ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকার বাসিন্দা। তিনি কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। প্রায় ছয় মাস আগে তিনি সুইডেন থেকে দেশে ফিরেছিলেন। দেশে ফেরার পর তিনি বিয়ে করেন। তাঁর তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঘাটাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন কাজী দেশ। পথে হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ট্রাকের চাপায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তরুণ এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তাঁর স্ত্রী ও তিন মাস বয়সী সন্তানকে রেখে চলে যাওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
টাঙ্গাইল প্রতিনিধি 



















