ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ৪১ বছর বয়সী কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব। তার বয়স ৩৮ বছর।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন কাজ শেষে বাড়িতে ফিরে কৃষ্ণ লাল স্ত্রীকে তার ও দুই সন্তানের জন্য খাবার প্রস্তুত করতে বলেন। কিন্তু সে সময় যামিনী নাচের ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শারীরিক সংঘর্ষে গড়ায়।
পুলিশের অভিযোগ, ঘটনার সময় কৃষ্ণ লাল মদ্যপ ছিলেন। তিনি দুই সন্তানের সামনেই যামিনীর ঘাড় ও পেটে আঘাত করেন।
আঘাত পাওয়ার পর যামিনী তীব্র ব্যথার কথা জানান এবং স্বামীকে ওষুধ আনতে বলেন। কৃষ্ণ লাল ব্যথানাশক কিনতে বের হলেও স্থানীয় দোকান বন্ধ থাকায় ওষুধ ছাড়াই ফিরে আসেন। এদিকে যামিনীর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার পেট ফুলে যায় এবং পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে তার শরীরে গুরুতর আঘাতের আলামত পাওয়া যায়। প্রতিবেদনে ঘাড়ের হাড় ভেঙে যাওয়া, অন্ত্রে গুরুতর ক্ষতি এবং শ্বাসরোধের চিহ্নের কথা উল্লেখ করা হয়।
যামিনীর ভাই জানান, শুরুতে পরিবারের সদস্যরাও ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেছিলেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে গুরুতর আঘাতের তথ্য উঠে আসার পর তারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এরপর পুলিশ কৃষ্ণ লালকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তবে মামলাটির অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
desk news 



















